
মীর আমিনুল ইসলাম বুলবুল,ব্যুরো চিফ ময়মনসিংহ: নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি পূর্ব) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কলমাকান্দা থানাধীন পাঁচগাঁও সাকিন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পূর্ব) এর একটি চৌকস টিম পাঁচগাঁও এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হলেন রুশান্ত হাজং (২০), পিতা- সুজেন্দ্র হাজং, মাতা- গনাবটি হাজং, সাং- পাঁচগাঁও (দক্ষিণপাড়া), ইউপি- রংছাতি, থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণা।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে ডিবি পুলিশ। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ডিবি পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।