রাব্বী রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে মোছাঃ রাশেদা বেগম (৪০) নামে এক মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ হওয়ার ৫০ দিন পার হলেও এখনো তাঁর সন্ধান মেলেনি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর রাশেদা বেগম নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজ রাশেদা বেগমের ছেলে মোঃ আবু জাহিদ গত ২৮ জুন ২০২৬ ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ১২৯৮।
নিখোঁজ রাশেদা বেগমের পিতার নাম মৃত আবু বকর সিদ্দীক এবং স্বামীর নাম মৃত মনজিনুর রহমান। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, ওজন আনুমানিক ৪০ কেজি এবং চুল কালো ও লম্বা। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মানসিকভাবে অসুস্থ। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ৫০ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না পাওয়ায় তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাঁকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের কার্যকর সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
কেউ রাশেদা বেগমের সন্ধান পেয়ে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে তাঁর মেয়ে মোছাঃ জয়নাফ (০১৭৬৮-৮০৫১০৮) অথবা ছেলে মোঃ আবু জাহিদ (০১৩২৪৩২১৫৬২)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।