আনছারুল হক,স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীতে শাখা ডাকঘর কর্মচারীদের তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার ব্যানারে জেলা শহরের ব্যস্ততম চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলার শাখা ডাকঘরের বিপুল সংখ্যক কর্মচারী অংশ নেন।
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার সভাপতি জিকরুল হকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জামিল আহমেদ। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা।
সমাবেশে কর্মচারীদের দুঃখ-দুর্দশা ও দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন ডিমলা উপজেলার শাখা পোস্ট মাস্টার রেজাউল করিম, সৈয়দপুরের শাখা পোস্ট মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলার শাখা পোস্ট মাস্টার আনিসুল হক শাহ এবং শাখা পোস্ট মাস্টার সৈয়দ ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মো. সেলিম রেজা বলেন, বর্তমান বাজারে টিকে থাকতে হলে তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি পাওয়া এখন আমাদের মূল দাবি। তিনি অবিলম্বে সারাদেশের ডাক কর্মচারীদের এই দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে বিদ্যমান বৈষম্য দূর করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক জামিল আহমেদ তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, শাখা ডাকঘরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা বর্তমানে মাত্র চার হাজার থেকে শুরু করে প্রায় ছয় হাজার টাকা সম্মানী বা বেতন পেয়ে থাকেন, যা এই ঊর্ধ্বমূল্যের বাজারে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি সব দায়িত্ব যথাযথভাবে পালন করার পরও তাঁরা চরম অবহেলার শিকার হচ্ছেন এবং পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত অসহায় দিন কাটাচ্ছেন।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচি শেষে আন্দোলনকারী কর্মচারীরা নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তাঁদের দুই দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন।