জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউ মার্কেট এলাকার প্রধান সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। এতে একদিকে যেমন রাস্তা সরু হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচল করতে হচ্ছে চরম ভোগান্তি নিয়ে।সরেজমিনে দেখা যায়, রাস্তার উল্লেখযোগ্য একটি অংশ দখল করে হকাররা পসরা সাজিয়ে বসেছে। রাস্তার ওপর বসানো এসব অবৈধ দোকান ও যত্রতত্র দাঁড়িয়ে থাকা রিকশার কারণে পথচারীদের চলাচলের জন্য অত্যন্ত সামান্য জায়গা অবশিষ্ট থাকছে। সন্ধ্যার ব্যস্ত সময়ে এই পরিস্থিতির কারণে জনসমাগম ও যান চলাচল ব্যাহত হচ্ছে, যা পথচারীদের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় পথচারীরা অভিযোগ করে বলেন, ফুটপাত দখলমুক্ত না থাকায় তাদের বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হয়। এছাড়া, রাস্তার ওপর ছোট বড় বিভিন্ন দোকান ও ভ্যানগাড়ি দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, যা দীর্ঘস্থায়ী যানজটের অন্যতম কারণ।এলাকাবাসীর দাবি, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।