
শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-পাবনা মহাসড়কে এমকে পরিবহনের বাসের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল মজিদ বড়াইগ্রাম উপজেলার জামাইদীঘা গ্রামের জফির প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজের জন্য সার কিনে ভ্যানে বাড়িতে পাঠিয়ে দেন আব্দুল মজিদ।
পরে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়কে উঠলে এমকে পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করে থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।