মোঃ মামুনুর রশিদ ধুনট বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিস্ফোরকদ্রব্য ও মারধরের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে আইনি প্রক্রিয়া শেষে ধুনট থানা পুলিশ তাদের বগুড়া জেলা কারাগারে পাঠায়।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—ধুনট উপজেলার মানিক পটল গ্রামের মৃত মুঞ্জিল আকন্দের ছেলে মো. লাল মিয়া আকন্দ (৪৫)। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে। অপরজন হলেন গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত তফিজ উদ্দিন মন্ডলের ছেলে মো. রফিকুল ইসলাম রাঙ্গা (৫০)। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, লাল মিয়া আকন্দের বিরুদ্ধে দায়ের করা মামলায় বেআইনি সমাবেশ, দাঙ্গা-হাঙ্গামা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক আটকে রাখার অভিযোগ রয়েছে। একই সঙ্গে মামলায় বিস্ফোরকদ্রব্য ব্যবহার, বিস্ফোরণ ঘটানোর চেষ্টা এবং অবৈধভাবে বিস্ফোরক সংগ্রহ ও সংরক্ষণের অভিযোগও আনা হয়েছে।
অন্যদিকে, রফিকুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় বেআইনি সমাবেশে অংশগ্রহণ, অরাজকতা সৃষ্টি, মারাত্মক ক্ষতির হুমকি এবং বিস্ফোরকদ্রব্য মজুত ও বিস্ফোরণসংক্রান্ত অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ধুনট থানা পুলিশ জানায়, সংশ্লিষ্ট মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে এজাহারনামীয় আসামি হিসেবে বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারকের নির্দেশক্রমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন এ ধরনের আইনানুগ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।