
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বৃক্ষরোপণ, বৃত্তি অর্জন এবং শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
আজ রোববার (২৯ নভেম্বর) বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়েদা জাহান বানু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজানুর ইসলাম খান রেজা, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম টুটু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধুনটের সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন শাহীন।
অনুষ্ঠানে সর্বোচ্চ উপস্থিতির জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলো—প্রথম শ্রেণির আনিশা জান্নাত, দ্বিতীয় শ্রেণির আব্দুল্লাহ আল রিহ্যান ফাহিম, তৃতীয় শ্রেণির এম এম সাদ, চতুর্থ শ্রেণির মিনা খাতুন ও পঞ্চম শ্রেণির খাদিজা নদী।
নিজ বাড়িতে সর্বোচ্চ বৃক্ষরোপণকারী শিক্ষার্থী হিসেবে চতুর্থ শ্রেণির সাবিত আদ-দ্বীনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে সাতজন ট্যালেন্টপুল ও চারজন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।
বিদ্যালয়ে সবচেয়ে কম নৈমিত্তিক ছুটি ভোগ করায় শিক্ষক সোহাগ মন্ডলকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের মূল্যায়নে সেরা তিন শিক্ষক হিসেবে এমরুল কায়েস খান, জান্নাতুল ফেরদৌস সুমি ও কে এম ইকবাল কায়েসকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আব্দুস সবুর। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক এমরুল কায়েস খান। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সহকারী শিক্ষক কে এম ইকবাল কায়েস নয়ন ও জান্নাতুল ফেরদৌস সুমি।
বিদ্যালয়ের এমন আয়োজন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, ভালো ফলাফল, পরিবেশ সচেতনতা ও শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।