
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট পৌর এলাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকার ড্রেন নির্মাণকাজে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করা এবং নির্মাণসামগ্রী আটকে রাখার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও ন্যায্য পাওনা আদায়ে ধুনট পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাব-কন্ট্রাকটর মো. জিয়াউর রহমান জিয়া।
আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় ধুনট বাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। লিখিত বক্তব্যে জিয়াউর রহমান জানান, তিনি ধুনট পৌরসভার সদর ইউনিয়নের পাকুরিয়াটা গ্রামের ওসমান গনির ছেলে। প্রায় এক বছর আগে ধুনট বাজারের জিরো পয়েন্ট থেকে পূর্ব ভরণশাহী হয়ে ইছামতী নদী পর্যন্ত প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ইউ-ড্রেন নির্মাণকাজের দায়িত্ব পান ধুনট পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামের ঠিকাদার আব্দুর রশিদ। পরবর্তীতে ঠিকাদার তাঁকে হেডমিস্ত্রি ও সাব-কন্ট্রাকটর হিসেবে ১৮ শতাংশ হারে কাজ করার প্রস্তাব দিলে উভয়পক্ষের সম্মতিতে তিনি কাজটি শুরু করেন।
কাজটি বাস্তবায়নের প্রক্রিয়ায় তাঁর নিজস্ব পুঁজি থেকে বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী ও সরঞ্জাম সংগ্রহ করা হয় উল্লেখ করে তিনি জানান, শাটারিংয়ের কাঠ, স্টিল বোর্ড, প্লেট তৈরির সরঞ্জাম, তেল-মবিল, লোহা, ফোম ও বাঁশসহ আনুষঙ্গিক খাতে তাঁর প্রায় চার লাখ টাকার সম্পদ ব্যবহৃত হয়েছে। এছাড়া গত নয় মাস ধরে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন শ্রমিক নিয়োজিত রেখে তিনি কাজ পরিচালনা করেন। এই দীর্ঘ সময়ে শ্রমিকদের মজুরি ও তাঁর পারিশ্রমিক বাবদ প্রায় ৩০ লাখ টাকা পাওনা হলেও ঠিকাদার তাঁকে এ পর্যন্ত মাত্র ২০ লাখ টাকা পরিশোধ করেছেন। বাকি টাকা পরিশোধের তাগাদা দিলে ঠিকাদার বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন।
সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী আরও জানান, গত ১৯ অক্টোবর ঠিকাদার আব্দুর রশিদের ধুনট বাজারস্থ রডের দোকানে বকেয়া পাওনা চাইতে গেলে তাঁকে পরদিন হিসাবের খাতা নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী পরদিন খাতা নিয়ে উপস্থিত হলে ঠিকাদার তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, হিসাবের খাতা কেড়ে নেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে কাজ থেকে অব্যাহতি দেন। এ সময় পাওনা টাকা ও ব্যবহৃত সরঞ্জাম ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “শ্রমিকদের ঘাম ঝরানো পারিশ্রমিক এবং আমার কষ্টের উপার্জনে কেনা মালামাল আটকে রাখা হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে ন্যায়বিচারের আশায় আমি প্রশাসনের দারস্থ হয়েছি।” স্থানীয় বাসিন্দা মো. ইউনুছ আলী ও মো. রনজু মিয়া এ ঘটনার সত্যতা সম্পর্কে অবগত আছেন বলেও তিনি জানান।
এ বিষয়ে ভুক্তভোগী জিয়াউর রহমান ধুনট পৌর প্রশাসক মীর আল মনসুর শোয়াবের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, লিখিত অভিযোগ পাওয়া গেছে; বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক শ্রমিকদের বকেয়া মজুরি ও নির্মাণসামগ্রী উদ্ধার এবং দোষী ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ভুক্তভোগী সাব-কন্ট্রাকটর।