জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৬ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার সুবিল ইউনিয়নের তাহের পুলিশের বাড়ির পাশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুলাল মিয়া নামে এক ব্যক্তির অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ গুঁড়িয়ে দিয়ে বিনষ্ট করা হয়। অভিযানটি পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন জানান, অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে উপজেলার বিপুল পরিমাণ কৃষি জমি হুমকিতে পড়ছে। কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও ফসলি জমি নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।