মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: দুর্যোগকালীন জরুরি সেবা নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও রেডক্রিসেন্টের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট র্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই র্যাপিড রেসপন্স টিম গঠন করেন। এ কমিটিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদকে সদস্যসচিব করা হয়েছে।রেসপন্স টিম গঠন সম্পর্কে মেয়র বলেন, “আমরা রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদের সহযোগিতায় একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছি। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এই র্যাপিড রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে মাঠে কাজ করবে।
এ সময় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নগরবাসীকে যেকোনো জরুরি সহযোগিতার জন্য ০১৮০৫-৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। টানা বর্ষণের ফলে পাহাড়ধসের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার নগরীর পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন মেয়র। পরিদর্শন পরবর্তী তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকাদের সাথে আলোচনা করে এই র্যাপিড রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেন