দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে ব্যক্তিগত বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬০০টি গাছের চারা বিতরণ করা হয়।রবিবার (২১ জুন) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীঘিনালা জোনের তারাবুনিয়া রাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন। অনুষ্ঠানে জোন কমান্ডারের উপস্থিতিতে প্রায় ৫৫০ থেকে ৬০০ জন পাহাড়ি ও বাঙালি বাসিন্দার মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির মোট ১ হাজার ৬০০টি চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রতিনিধিরা। এছাড়া অনুষ্ঠানে আরও ৩০ থেকে ৩৫ জন গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।