মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি। সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল হালিম ও মো. মাজহারুল ইসলাম, সমিতির সদস্য মঞ্জুর আলম রতন এবং অনিক চন্দ্র রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হক লিটন। বক্তারা বলেন, অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত জড়িত আসামিদের গ্রেফতার করা হয়নি। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আগামী তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ৪ জুন রাতে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে বাড়ির পাশের সড়কে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।