
তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালীভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম বাঁশখালী টাইমসের এক দশক পূর্তি উপলক্ষে বর্ষপূর্তি উৎসব, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার বাণীগ্রামস্থ হল ৯৮ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক, লেখক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বাঁশখালীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘বাঁশখালী টাইমস গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন–প্রথিতযশা চিকিৎসক ডা. ফররুখ আহমদ (ফারুক), আল মাহমুদ গবেষক ও কবি কমরুদ্দিন আহমদ, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফ, জী ৯৮ কমপ্লেক্সের চেয়ারম্যান ও মাস্টার মেরিনার ক্যাপ্টেন নূর মোহাম্মদ এবং দৈনিক আমার দেশের হেড অব অনলাইন ও সিনিয়র সাংবাদিক মুরশিদুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বিশিষ্ট রাজনীতিবিদ ইফতেখার মহসিন চৌধুরী, আমার গ্রামের প্রতিষ্ঠাতা মো. আকতার হোসেন, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, রাজনীতিবিদ ফজলুল কাদের, অ্যাডভোকেট আবুল মনসুর সিকদার, রাজনীতিবিদ মো. জয়নাল আবেদিন, ব্যাংকার মুহিব্বুল হক, সাদুর রশিদ চৌধুরী, সমাজকর্মী নকি উদ্দিন, মাসুদ বিন বজল ও এনামুল হকসহ অনেকে।
এম এইচ রুবেল ও কথাসাহিত্যিক আরমানউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম। বর্ষপূর্তি উপলক্ষে পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বাণীগ্রাম বাজার প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
অনুষ্ঠানে ‘শৈশবের স্মৃতি’ শীর্ষক স্মৃতিলিখন প্রতিযোগিতা ও বিশ্বকাপ কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্যাপ্টেন নূর মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, বাঁশখালী টাইমস দীর্ঘ ১০ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এ জনপদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে রয়েছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি তাদের বিভিন্ন নান্দনিক উদ্যোগ বাঁশখালী উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সমৃদ্ধ বাঁশখালী গড়তে সব গণমাধ্যম ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাঁশখালী টাইমস পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।