এন এস ফারুক উপজেলা প্রতিনিধি তারাগঞ্জ, রংপুর
রংপুরের তারাগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ১২টায় উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের ডালিয়ার ক্যানেল সংলগ্ন একটি পাটখেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সানজিদা ওই গ্রামের সাইদুল ইসলামের কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বাড়ির আশপাশে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় সানজিদা। এরপর পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ শনিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ডালিয়ার ক্যানেলের পাশে একটি পাটখেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ভিড় জমান। অবুঝ এই শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।