এন এস. ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মোছাঃ মালেকা বেগম (৪১) ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মালেকা বেগমকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, "ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষেই এই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।