আরিফ ইসলাম আলাল,ডিমলা উপজেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তার চেক, সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ ডিমলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, হুইলচেয়ার ও চেক তুলে দেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিতরণকৃত এই সহায়ক উপকরণ ও সেলাই মেশিন ডিমলার অসহায় মানুষদের স্বাবলম্বী করতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।