মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় বৃষ্টির কবলে পড়ে রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির পরের দিন সকালে স্থানীয় একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজাগাঁও ইউনিয়নের একটি চা বাগান থেকে এটি উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন (বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে রুহিয়া থানার ফালানপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মাহফুজুর রহমান (২৬) আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে টাঙ্গন ব্রিজ এলাকায় ঘুরতে যান। বাড়ি ফেরার পথে এনামুলের আম বাগানের কাছে পৌঁছালে তিনি আচমকা মুষলধারে বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টি থেকে বাঁচতে তিনি তার নম্বরবিহীন ‘DAYUN-110cc’ মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে বাগানের একটি ঘরে আশ্রয় নেন।
কিছুক্ষণ পর বৃষ্টি থামলে মাহফুজুর রহমান মোটরবাইকটি নিতে এসে দেখেন সেটি উধাও। আশপাশের বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক খোঁজাখুঁজি করেও তিনি সেটির কোনো সন্ধান পাননি।
পরদিন আজ বৃহস্পতিবার সকালে ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের আসাননগর চেয়ারম্যানপাড়া গ্রামের খাদেমুল ইসলামের চা বাগানে পাতা কাটতে যান শ্রমিকরা। এ সময় ঘোরনগাছ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪০) বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি দ্রুত বাগান মালিককে জানালে, মালিকপক্ষ রুহিয়া থানা পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
রুহিয়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষ করে গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।