
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর):
জামালপুরে রাজিব পরিবহনের বাস কাউন্টারে একটি দাঁড়ানো বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে দুটি পেট্রোল বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে বিস্ফোরিত হয়। আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) ভোরে শহরের ভোকেশনাল মোড়ের বাস কাউন্টারে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পৌনে চারটার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে বাসের একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর পেছনে আসা আরেকটি মোটরসাইকেল থেকে বাসের পেছন দিকে আরেকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে দুটি বোমাই বাসের পরিবর্তে মাটিতে পড়ে। এরপর দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।
বাস কাউন্টারে কর্মরত শফিউল আলম বলেন, সড়কে পেট্রোল বোমা দুটি জ্বলতে থাকায় বাসটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বাসটিতে তখন একজন যাত্রী, চালক এবং হেলপার ছিলেন।
তিনি আরও বলেন, পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশের আরও নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই পুলিশ কাজ করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।