
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হত্যা, অগ্নিসংযোগ এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী দল।
আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেলে জামালপুর শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা ষড়যন্ত্রের চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গত ১৭ বছরে তারা অন্যায়, জুলুম ও অত্যাচার চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষ আর কোনো অন্যায়-অত্যাচার সহ্য করবে না। যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন, সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, সহসভাপতি হাজী আব্দুল মালেক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।