
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রাজধানীর মাতুয়াইল মেডিকেল এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তা ও নাগরিক দুর্ভোগের প্রতিবাদে শনিবার দুপুর ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শামীমবাগ, শহীদ নগর, মুসলিমনগর, আদর্শনগর, নূরবাগ ও শাহীবাজার এলাকার শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, বছরের পর বছর ধরে তারা চরম দুর্ভোগের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। ভাঙা রাস্তা, অচল ড্রেনেজ ব্যবস্থা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো উন্নয়ন কাজ দৃশ্যমান হয়নি।
তারা আরও বলেন, জনগণের ধৈর্যকে দুর্বলতা মনে করা ঠিক হবে না। আজকের এই কর্মসূচি শুধু মানববন্ধন নয়, এটি বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে। তারা জানান, জনগণ যেমন ঘরে ফিরতে জানে, তেমনি নিজেদের অধিকার আদায় করতেও জানে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনদুর্ভোগ নিরসনে এগিয়ে আসবে এবং সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনবে।