জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে এক আওয়ামী লীগ নেতাসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন মাদক মামলার আসামি এবং দুইজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন, বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও থানা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক এবং নাজিরপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে মোঃ তমিজ উদ্দিন (৫৫) এবং গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের তাজুল ইসলামের ছেলে ও কংগাই ইউনিয়ন কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম (৩০)। এদিকে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— দাউদকান্দি উপজেলার ইছাপুর সাহাপাড়ার অজিত বিশ্বাসের ছেলে কেশব বিশ্বাস (৩৫), ভিকতলা মেম্বার বাড়ির মৃত ধনু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৩) এবং চান্দিনা মাধাইয়া ইউনিয়নের পোনসাই গ্রামের সফিকুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল আহাম্মেদ (৩৩)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃত অপর দুইজন হলেন— চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিচুন্দাইর উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে মোঃ আব্দুল্লাহ (২২) এবং মহিচাইল ইউনিয়নের সমকাজী বাড়ির মোঃ আলী ও মরিয়ম বেগমের ছেলে মোঃ ইউনুছ মিয়া (৩৫)। এ বিষয়ে ২৩ জুন (বুধবার) চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান গণমাধ্যমকে জানান- এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।