
মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জেঁকে বসেছে তীব্র শীত ও ঘন কুয়াশা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬ ইং ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা না মেলায় এবং কুয়াশার ঘনত্ব বেশি থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, দিনমজুর ও সাধারণ কর্মজীবী মানুষ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে দৃশ্যমানতা অনেক কমে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। তীব্র শীত ও যানবাহন সংকটের কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
অন্যদিকে, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে অনেকেই সকালে কাজের সন্ধানে বের হতে পারেননি। ফলে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একইভাবে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে ভোগান্তি পোহাতে হচ্ছে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরেই রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট বাড়ছে, তবে আজকের কুয়াশার তীব্রতা সবচেয়ে বেশি। আবহাওয়া এমন থাকলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও কৃষি কাজে আরও বড় ধরনের স্থবিরতা নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা।