
মোঃ রাসেল মিয়া স্টাফ রিপোর্টার: গাজীপুরের শালনায় পোশাক শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ সদস্যকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শনিবার (২৮ নভেম্বর) তিনি আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় আহত ৩ কর্মকর্তা ও ৬ আনসার ব্যাটালিয়ন সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলে সাহস ও মনোবল জোগান। পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।আহত কর্মকর্তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আহত সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আব্দুর রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক জানান, গত ২৫ নভেম্বর সালনা এলাকায় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে আঘাত সহ্য করেন।
তিনি আরও জানান, একটি দোকানে আশ্রয় নেওয়া অবস্থায়ও হামলাকারীরা গরম পানি নিক্ষেপসহ বিভিন্নভাবে আক্রমণ চালায়। তবে বিপুলসংখ্যক শ্রমিকের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আনসার সদস্যরা ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দেন। মহাপরিচালক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সমন্বয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। পরে মহাসড়কের প্রতিবন্ধকতা অপসারণ করে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক করা হয়। তিনি জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে আহত ৯ সদস্যই আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়। মহাপরিচালক আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্ব বাহিনীর দায়িত্ব পালনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।