মোঃ রাসেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেরা (১৭) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) ভোররাতে উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাহেরা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে তার স্বামী শ্যামল ঘরের টিনশেডের মেঝেতে সাহেরাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কালিয়াকৈর থানায় জানালে খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।