আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুর বামনী বাজারে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবার সুবাতাস পৌঁছে দিতে এবং স্থানীয়দের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘আইডিয়াল মেডিকেল সেন্টার’। শনিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, বামনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের দুলাল, ইউনিয়ন জামায়াত নেতা তাসির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন কাঞ্চন, চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান মুক্কি এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক মঞ্জু। এছাড়াও ফেনী ডায়াবেটিস হাসপাতাল'র ই এম এ ডা. সুমন শীল,জামায়াত নেতা কাজী মানিক, যুবদল নেতা নইমুল হক কাঠার ও সাবেক ছাত্রদল নেতা আবুস সুফিয়ান ইমরানসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ডা. সানজিদা আফরিন। সার্বিক কল্যাণ ও প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।