আহমেদ আক্তার রানা, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ইমুতে অস্ত্রের ছবি ও ভিডিও পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং পরিবারের সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর নিরাপত্তা চেয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন হেলান মিয়া, পিতা—সিরাজ মিয়া, ঠিকানা—ইসবপুর,
থানায় দেওয়া আবেদনে হেলান মিয়া উল্লেখ করেন, ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তাঁর ব্যবহৃত ইমু অ্যাকাউন্টে ‘Lija’ নামের একটি আইডি থেকে কল আসে। পরে ওই আইডি থেকে বিভিন্ন সময় কল ও ভিডিও কল করে বিরক্ত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে ওই আইডির নাম পরিবর্তন করে ‘আমার রাগ আর কাজ সমান’ রাখা হয়। ওই আইডি থেকে হেলান মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন মন্তব্য করার পাশাপাশি তাঁর বড় ভাই মো. সালাউদ্দিনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ওই ইমু আইডি থেকে বুলেটসহ বিভিন্ন ধরনের অস্ত্রের ছবি ও ভিডিও পাঠানো হয়। পরে ইমু চ্যাটের মাধ্যমে পরিবারের এক সদস্যের ‘লাশের দাম’ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
হেলান মিয়া অভিযোগ করেন, ২৩ সেপ্টেম্বর রাত ২টা ২৬ মিনিটের দিকে তাঁকে ১০ দিনের মধ্যে ৫০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। টাকা না দিলে তাঁর বড় ভাইয়ের লাশ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হেলান মিয়া কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক আজকের জনবানীকে জানান, “আবেদনটি যথাযথভাবে হয়নি। আমরা তাকে পরামর্শ দিয়েছি। যথাযথভাবে আবেদন পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”