এস কে শুভ) স্টাফ রিপোর্টার গাজীপুর:b গাজীপুরের কাশিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে গাজীপুর মহানগরের কাশিমপুরের ৬ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর প্রধান ফটকের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় আশুলিয়া থেকে গাজীপুরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) ও রাব্বি খলিফা (২২)।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।