মেঃ রাসেল মিয়া, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্রামবাসীর সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার।
স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কালিয়াকৈর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক-যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি শওকত হোসেন সরকার উপস্থিত গ্রামবাসীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় মানুষের সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভার আগে ও পরে প্রশাসক এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় গ্রামবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন কালিয়াকৈর গ্রামবাসী এবং ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং জনসম্পৃক্ত কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ ভুলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও গ্রামবাসীরা বলেন, “জনগণের অধিকার ও এলাকার উন্নয়নে আমরা সর্বদা ঐক্যবদ্ধ”—এই প্রত্যয় নিয়েই ভবিষ্যতেও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।