মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: কক্সবাজারের সামগ্রিক উন্নয়নে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই জেলার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পর্যটন, যোগাযোগ, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা হবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য এইচ এন আলমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভাটি শুরু হয়। সভায় মন্ত্রী বলেন,
জেলার উন্নয়নে যেসব বিষয় অত্যন্ত জরুরি, সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান মাদক এবং চোরাচালানকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, শুধু কক্সবাজার নয়, মাদকের কারণে পুরো সমাজেই অপরাধ ও অবক্ষয় বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি জানান। পরিকল্পিত পর্যটন ও সুশাসন কক্সবাজারের পর্যটন খাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটনকেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা বাড়াতে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। এর পাশাপাশি জেলার মানুষের জীবনমানের উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও বিশেষ জোর দেওয়া হবে।
সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ এর সঠিক সুফল পায়। সাংবাদিকদের নানা সমস্যার কথা তুলে ধরা মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক নেতারা। তারা জেলার পর্যটন শিল্পের বিকাশ, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ নিরসনে মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক একরামুল হক টিপু, এস এম জাফর, ছৈয়দ আলম, অ্যাডভোকেট আবু সিদ্দিক ওসমানী, শামশুল হক শারেক প্রমুখ। সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন এবং সম্ভাবনাগুলো বাস্তবে রূপ দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী।