মোবারক হোসাইন, কক্সবাজার জেলা
কক্সবাজারের ঈদগাঁও খাল থেকে বল্লভ দে (৩২) নামক এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতি পাড়া পয়েন্ট থেকে মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়রা দুপুর ১টা ৩০ মিনিটের দিকে খালে মরদেহ ভাসতে দেখে ঈদগাঁও থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, নিহত যুবক স্থানীয় বঙ্গিম বাজার এলাকার মিলন দে-র পুত্র।
জালালাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন জানান, বল্লভ দে মৃগ রোগে আক্রান্ত ছিলেন। সোমবার রাত আনুমানিক ১টার দিকে সবার অজান্তে ঘর থেকে তিনি বের হয়ে যান। তার মা নিয়তি দেবী ভোরে ছেলেকে না পেয়ে মেম্বারকে ফোন করে বিষয়টি জানান। এরপর থেকে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে দুপুরে ঈদগাঁও খালের ছাতি পাড়া এলাকায় তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।
বঙ্কিম বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, নিহত যুবকটি অপ্রকৃতিস্থ ছিলেন। বিবাহিত এই যুবক স্থানীয় হোটেলে পানি আনার কাজ করতেন।
তিনি এ মৃগী রোগী ছিলেন।
ওসি এটিএম শিফাতুল মাজদার আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। রিপোর্ট শেষে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।