জাহেদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা ১৫ বছরের চুক্তি বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন বন্দর রক্ষা কমিটির নেতৃত্বে শ্রমিক ও কর্মচারীরা। সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস বিল্ডিংয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সভায় বক্তারা এনসিটি পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে গঠিত চুক্তি বাতিলের জোর দাবি জানান। তাঁরা বন্দরের স্বার্থ, জাতীয় অর্থনীতি এবং দেশের কৌশলগত সম্পদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন বিটিসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বন্দর রক্ষা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির, যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম খোকন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, সরকারকে আমরা ১৮ তারিখ পর্যন্ত আলোচনার সময় দিলাম। এর মধ্যে কোনো উদ্যোগ নেওয়া না হলে ১৯ অক্টোবর এখানেই আমরণ অনশন কর্মসূচি পালিত হবে।