মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬০ জন শিক্ষার্থীর সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ (A+) পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। এছাড়া ৪২ জন 'A' গ্রেড এবং ১ জন 'A-' গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
প্রতিষ্ঠানটির অফিশিয়াল সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান বিভাগ (বালক) থেকে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন জিপিএ-৫ ও ৯ জন 'A' গ্রেড পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ (বালক) থেকে ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ ও ৮ জন 'A' গ্রেড অর্জন করেছে। মানবিক বিভাগ থেকে মোট ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫, ২৫ জন 'A' গ্রেড এবং ১ জন 'A-' গ্রেড পেয়ে পাস করেছে।
"ক্লাসে প্রথম! জীবনে প্রথম!!"—এই প্রত্যয় নিয়ে দুর্গম পাহাড়ের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষায় গড়ে তুলছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। ধারাবাহিক এই সাফল্যে কোয়ান্টাম পরিবারে আনন্দের বন্যা বইছে। কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়, শিক্ষকদের সুনিপুণ দিকনির্দেশনা এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের নিরলস সহযোগিতার ফলেই এই গৌরবময় ফল সম্ভব হয়েছে।