গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: রাত পেরোলেই আগামীকাল পবিত্র ইদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষ্যে একেবারে শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন ধামইরহাটের কামারগণ। কোরবানি ঈদকে সামনে রেখে পশু কোরবানির বিভিন্ন লোহার সরঞ্জাম যেমন: দা, বঁটি, চাকু, ছুরিসহ বিভিন্ন ধারালো লোহার জিনিসপত্র তৈরিতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন তারা। কোরবানি ঈদ এলেই এসবের চাহিদা অনেক গুণ বেড়ে যায় ধামইরহাটের বিভিন্ন কামারশালা ঘুরে দেখা যায়, ওজন ও আকার ভেদে পশুর চামড়া ছাড়ানোর ছুরি ১০০-২০০ টাকা, দা ৫০০-৮০০ টাকা, বঁটি ৪০০-৮০০ টাকা, পশু জবাইয়ের চাকু ৫০০-৮০০ টাকা ও চাপাতি ৮০০- ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদুর কামার বিমল কর্মকার বলেন, "বর্তমানে এ পেশায় আয়ের পরিমাণ কম। তাই পরিবারের বাকি সদস্যরা অন্য পেশা বেছে নিয়েছে। তারপরও পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রেখে এ পেশার সঙ্গে আমি এখনো যুক্ত রয়েছি।
কোরবানি ঈদ এলেই আমাদের ব্যস্ততা অনেকগুন বেড়ে যায়। বাকি সময় অনেকটাই অবসরে কাটে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেশিরভাগ ক্রেতারাই নতুন দা-বঁটি না বানিয়ে পুরাতনগুলোই মেরামত করে নিচ্ছে। দা মেরামত করতে আসা একজন ক্রেতা, নিলয় বলেন, "লোহা, কয়লা ও অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় গত ঈদের তুলনা এই ঈদে লোহার জিনিসের দাম তুলনামূলক বেশি। এ কারণে নতুন দা না বানিয়ে পুরাতন দা মেরামত করতে এসেছি।"