কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
দেশের রাষ্ট্রায়ত্ত খাতের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির জন্য আরও এক লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি অয়েল ট্যাংকার। সৌদি আরব থেকে আসা জাহাজটি গতকাল বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো এই জাহাজে করে বাংলাদেশে ক্রুড অয়েল এলো।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক দৈনিক আজকের জনবাণীকে বলেন, হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে ইতিমধ্যে দুই দফায় ক্রুড অয়েল এসেছে। তৃতীয় দফায় ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ গত ৩০ মে ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। লোহিত সাগর হয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সরকারি প্রক্রিয়া শেষে শিগগিরই লাইটারিং কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকে থাকা ‘নর্ডিকস পলাঙ’ জাহাজও ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া আরও ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল আগামী ২৭ ও ২৮ জুন জাহাজে লোড হওয়ার কথা রয়েছে। এতে দেশে জ্বালানি তেলের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
ইস্টার্ন রিফাইনারির এক কর্মকর্তা জানান, বর্তমানে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টন ডিজেল উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি এলপিজি, ফার্নেস অয়েল, কেরোসিনসহ বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পণ্যও উৎপাদিত হচ্ছে।
২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে পারবে না। তাই নিয়ম অনুযায়ী ছোট ট্যাংকার জাহাজে খালাস করে (লাইটারিং) ক্রুড অয়েল ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে।
সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরে ‘এমটি নিনেমিয়া’ জাহাজে ক্রুড অয়েল আসার পর গত ৮ মে পুনরায় উৎপাদন শুরু হয়। তবে যুদ্ধকালীন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার মধ্যপ্রাচ্যের বিকল্প দেশ থেকে বিপুল পরিমাণ পরিশোধিত ডিজেল আমদানি করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজের বার্থিং, লাইটারিং ও খালাস কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ‘এমটি নিনেমিয়া’ জাহাজটিতে মোট ১ লাখ ৩ হাজার ৫৩৯ টন ক্রুড অয়েল রয়েছে।