
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা
মাগুরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় ও নতুন বাজার নান্দুয়ালী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি বিরিয়ানি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানির কার্যক্রম তদারকি করা হয়।
তদারকিকালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে অননুমোদিত ও ক্ষতিকর রঙ ব্যবহার এবং ফ্রিজে অপরিচ্ছন্নভাবে খাদ্য সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় নান্না বিরিয়ানিকে ১০ হাজার টাকা এবং হাজী বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
পরে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও তদারকি চালানো হয়। ব্যবসায়ীদের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা, মূল্যতালিকা প্রদর্শন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।