
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শান্ত চন্দ্র শীল (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন।শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত চন্দ্র শীল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শান্ত চন্দ্র শীল তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে রাজধানী ঢাকা থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে হাড়িখোলা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি লরি একই দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে শান্তর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী দুজনই মহাসড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (ওসি) জাকির সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রতিবেদকের নাম 


















