
এইচ এম সবুজ,স্টাফ রিপোর্টার কক্সবাজার চকরিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মোহনা হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল করিম এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, ছাত্র সমন্বয়ক শামসুল আলম সাঈদী ও মোবারক হোছাইন জিহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা তাঁদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও দেশ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিবেদকের নাম 



















