
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ‘রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহমুদা খাতুন। এছাড়া কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট কৃষি ব্যবস্থা, পরিবেশবান্ধব চাষাবাদ এবং উন্নত জাতের শাকসবজি ও ফসলের ফলন বৃদ্ধির বিষয়ে কৃষকদের বিষদ ধারণা দেওয়া হয়। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ‘রংপুর অঞ্চলে আধুনিক কৃষির রূপরেখা: সবুজ রূপান্তর’ শীর্ষক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উপস্থাপন করেন অতিথিবৃন্দ। পাশাপাশি বিভিন্ন আধুনিক জাতের ফসল, মানসম্মত সবজি ও আধুনিক কৃষি উপকরণের বাস্তব প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে বক্তারা স্থানীয় কৃষকদের সনাতন পদ্ধতির বদলে আধুনিক কৃষি চর্চা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা জানান, এই উদ্যোগ তাদের সনাতন পদ্ধতির বাইরে এসে আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করবে এবং উৎপাদন খরচ কমিয়ে আশানুরূপ ফলন নিশ্চিত করতে সহায়তা করবে।
প্রতিবেদকের নাম 
















