জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার: রাজধানীর পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গ্রহণ করেছে এক মানবিক উদ্যোগ। ডিএমপির ট্রাফিক বিভাগের আয়োজনে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে আজ শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানের দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে উপস্থিত থেকে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।
যেসব স্থানে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে:বাটা সিগন্যাল ট্রাফিক পুলিশ বক্সমহাখালী টার্মিনাল ট্রাফিক পুলিশ বক্স
মতিউর রহমান পার্কডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা
বিভিন্ন জরিপ ও পর্যবেক্ষণ থেকে দেখা গেছে, কর্মব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অধিকাংশ পরিবহন চালক ও হেলপার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান না। এর ফলে তারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা ও মাংসপেশির ব্যথাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগে থাকেন। শ্রমজীবী এই মানুষগুলোর কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই ডিএমপির এই পাক্ষিক উদ্যোগ।
ক্যাম্পে অংশগ্রহণকারী শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, এই ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি পরিবহন শ্রমিক বিনামূল্যে এ সেবা গ্রহণ করেছেন।
ডিএমপি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে যারা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন, তাদের সুস্থতা নিশ্চিত করা জননিরাপত্তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলে ডিএমপি সূত্রে আশা করা হচ্ছে।