নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার বিকাল ৫টায় উপজেলার ঢেকিয়া ৬নং ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ঢেকিয়া খেলার মাঠ সংলগ্ন ফায়ার সার্ভিসের সামনের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানবন্ধনে বক্তারা স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিরা (২৫) পিতা: ফিরুজ ড্রাইভার এবং তার সহযোগী মনির, খাইরুল ও জুয়েলসহ পুরো চক্রের ভয়ংকর মাদক বাণিজ্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সক্রিয় এই চক্রটির কারণে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে এবং তাদের নানাবিধ অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সংহতি মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে দলমত নির্বিশেষে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন: শওকত ওসমান, হোসেনপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা, বাদল মৃধা, সাবেক সভাপতি, উপজেলা শ্রমিক দল, হোসেন আহমেদ বাবুল মাস্টার, রহমত আলী মাস্টার বিশিষ্ট শিক্ষাবিদ, হাজী সাহেদ আলী বেপারী ও আবুল কালাম, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। নজরুল ইসলাম, নেতা, হোসেনপুর পৌর বিএনপি। মো. ইলিয়াস মিয়া, সভাপতি ও মুজিবুর রহমান, সহ-সভাপতি, ৬নং ওয়ার্ড বিএনপি।
বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল। অপু ও চন্দন, যুবনেতা। সাবির হোসেন, সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হোসেনপুর উপজেলা শাখা। প্রশাসনকে আল্টিমেটাম ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি, মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় প্রশাসনের কাছে অনতিবিলম্বে হিরা, মনির, খাইরুল ও জুয়েলসহ এই মাদক সিন্ডিকেটের সকল সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের সন্তানদের ও যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনকে দ্রুত ও কঠোর মাদক নির্মূল অভিযান পরিচালনা করতে হবে। যদি অবিলম্বে এই চক্রকে আইনের আওতায় আনা না হয়, তবে আগামীতে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, উক্ত মাদক চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা পড়েছে। অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এর ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে হোসেনপুরের ঢেকিয়া এলাকাবাসীর এই স্বতঃস্ফূর্ত ও ঐক্যবদ্ধ প্রতিবাদ পুরো উপজেলা জুড়ে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং নতুন আলোচনার জন্ম দিয়েছে।