অপু দাস,ব্যুরো প্রধান,রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর একটি অপারেশন দল। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হেরোইনের মালিক বা সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানটি টনি মেম্বারের ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীরে ঝোপের কাছে চালানো হয়। এ সময় সেখান থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধার করা হেরোইনের মালিকানা শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হেরোইনের কোনো মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা হেরোইন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় কোনো আসামি কিংবা হেরোইনের মালিকের পরিচয় পাওয়া যায়নি। তবে মাদকদ্রব্যের উৎস, মালিকানা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান এবং অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের শনাক্তকরণসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যক্রম চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে উদ্ধার হওয়া ২ কেজি হেরোইনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং মাদকের উৎস সম্পর্কে তথ্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান চলমান রয়েছে।