মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: উদ্ভাবনী জয়যাত্রায় বাংলাদেশ গড়বে বিজ্ঞান ও প্রযুক্তি"—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: সানিউল ফেরদৌস। তিনি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্পসমূহ প্রদর্শন করছে। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস বলেন, "ভবিষ্যৎ পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানে দক্ষ হতে হবে। এই ধরণের মেলা খুদে বিজ্ঞানীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি প্রদর্শনীতে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন। বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বিজ্ঞান মেলাটি আগামী কয়েকদিন ধরে চলবে। মেলায় স্টলগুলোতে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন, রোবোটিক্স এবং আধুনিক কৃষি প্রযুক্তিসহ নানা বৈচিত্র্যময় প্রকল্প স্থান পেয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।