লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের কর্মী ও স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে বাসে যাত্রী ওঠানামা ও কাউন্টার পরিচালনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নিয়েছে নাটোর জেলা পুলিশ। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সঙ্গে পরিবহন শ্রমিকদের এক ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিরোধের বিভিন্ন বিষয় উভয় পক্ষের প্রতিনিধিরা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার উভয় পক্ষের বক্তব্য ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে শোনেন এবং বিরোধের মূল কারণ চিহ্নিত করে দ্রুত ও কার্যকর সমাধানের পথ তৈরি করেন।
আলোচনা শেষে ভবিষ্যতে পরিবহন খাতের যেকোনো সমস্যা নিজেদের মধ্যে আলোচনা অথবা প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সমাধানের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।
একই সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা, সংঘর্ষ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়—এমন কর্মকাণ্ডে না জড়ানোর ব্যাপারেও তারা প্রতিশ্রুতি দেন।
সভায় পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ বনপাড়া বাইপাসের সাম্প্রতিক বিরোধের কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়ায় পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার নাটোর সার্কেল উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল শোভন চন্দ্র হোর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।