মোঃ রাসেল, বিষেশ প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামীসহ বিভিন্ন অপরাধ চক্রের ১২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে অপরাধীদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মনির হোসেনের তদারকিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানটির নেতৃত্ব দেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী। তার নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝটিকা অভিযান চালায়। এসময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আদালতের সাজাপ্রাপ্ত আসামী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়। অভিযানে আসামীদের হেফাজত থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, "এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।"
চকরিয়া এলাকায় পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।