পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা উপজেলায় ৫ নাম্বার মাটিন্দর ইউনিয়নের কড়ইবাড়ি এলাকার কাঁচা রাস্তা পাকাকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, রাস্তার কাজের নির্ধারিত মান অনুযায়ী বালির পরিবর্তে অধিকাংশ অংশে মাটি ব্যবহার করা হচ্ছে, ফলে নির্মাণের গুণগত মান নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ , প্রকল্পে যেখানে পর্যাপ্ত পরিমাণ বালি ব্যবহার করার কথা, সেখানে প্রায় ৮০ শতাংশ মাটি এবং মাত্র ২০ শতাংশ বালি দিয়ে ভরাট কাজ চলছে। এতে রাস্তার স্থায়িত্ব ও টেকসই হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ২৬ শে জুন শুক্রবার বিকেল ৩ টায় সরজমিনে জামায়াতে ইসলামী ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা রাস্তা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে দ্রুত মানসম্মত নির্মাণ কাজের দাবি জানান।
তারা বলেন, নিম্নমানের উপকরণ ব্যবহার করে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধ করে প্রকল্পে সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে জামাতে আমির মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক সাহেবের হস্তক্ষে কামনা করেন। স্থানীয়দের দাবি, কাজের গুণগতমান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে জনগণ একটি টিকসই ও মানসম্পন্ন সড়ক পাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলা প্রকৌশল বিভাগের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।