রাব্বী রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী সদর উপজেলার ০২ নং গোড়গ্রাম ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মহল্লাদার (গ্রাম পুলিশ) মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন। নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বিরা আমাতুল্লাহ স্বাক্ষরিত ৩ই জুন ২০২৬ জারিকৃত স্মারক নং ০৫.৪৭.৭৩৬৪. ০০০.০৪.০২৮.২১.৪৫৮ অনুযায়ী সরেজমিনে তদন্তের নির্দেশ প্রদান করা হয়েছে।
সরকারি পত্রে উল্লেখ করা হয়, মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজের বিরুদ্ধে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, জন্মনিবন্ধন সংশোধনসহ বিভিন্ন সরকারি সেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বিরা আমাতুল্লাহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। জারিকৃত পত্রে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ বিষয়ে পত্রের অনুলিপি জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয়, নীলফামারীকে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর প্রকৃত সত্যতা উদঘাটিত হবে।