রাব্বি রহমান নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। এতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের সদস্যসচিব রাশেদ রেজা উদ দৌলা। সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমের আদর্শ ধারণ করে নীলফামারী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নাল্টু, ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক, ভারপ্রাপ্ত সদস্যসচিব তরিকুল ইসলাম খান লোহানী, পৌর যুবদলের হাসানুজ্জামান তৌহিদ, পৌর যুবদলের সদস্যসচিব আবু সাঈদ বাবু এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম মেজবা (রিতু)।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।