লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের জমির মাঠ থেকে মোঃ হানিফ মিয়া (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৪ মে (বৃহস্পতিবার)সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত হানিফ মিয়া ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ১৩ মে রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লসকর মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত আনুমানিক ১২টার দিকে হানিফ তার স্ত্রী আয়েশার ফোনে কল করে বলেন, “আমাকে বাঁচাও, জাকির হোসেনরা আমাকে মেরে ফেলবে।
এরপর থেকে হানিফের সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। ১৪ তারিখ সকালে স্থানীয়রা ব্রহ্মপুত্র নদ সংলগ্ন একটি পতিত জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পূর্ব বিরোধের জেরে হানিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে।
এদিকে হানিফের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত জাকির হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।কুলিয়ারচর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে