আহমেদ আক্তার রানা, কুলাউড়া উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৬ নং কাদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব মনসুর এলাকায় আশরাফিয়া এতিমখানা মাদ্রাসা সড়কে মৃত আরমান মিয়ার বাড়ির সামনের সড়কের ছোটো কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এ সড়কে চলাচলকারী শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়ার উত্তর মাগুরা হয়ে পূর্ব মনসুরে যাওয়ার এ সড়কের কালভার্টটি প্রায় দুই মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সময়ে কালভার্টটিতে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দিন দিন এর অবস্থা খারাপ হওয়ায় সড়ক দিয়ে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে চার চাকার যানবাহন চলাচল করতে পারছে না বলে অভিযোগ রয়েছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন পূর্ব মনসুর আবদুল মহীন চৌধুরী দাওয়াতুল কোরআন মহিলা এতিমখানা মাদ্রাসা ও আশরাফিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করেন। এ ছাড়া মহাদেবের মন্দিরে বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা মানুষও এই সড়ক ব্যবহার করেন। ফলে ঝুঁকিপূর্ণ কালভার্টটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থী ও দূরদূরান্ত থেকে আসা মানুষের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কালভার্টটি সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও।
এ অবস্থায় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কালভার্টটি পরিদর্শন করে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ঝুঁকিপূর্ণ কালভার্টটির স্থায়ী সমাধান করবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে।